মুন্সীগঞ্জের মোল্লাকান্দির আনন্দপুরে অবৈধ অস্ত্র-গুলি, ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আতিকুর রহমান টিপুঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
পুলিশ সুপার বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামের গাজী বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভাযানকালে মাকহাটি এলাকার মো. রাসেল শিকদার (৪৩)কে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এর পর একই বাড়ির মালিক শুভ গাজী (৩৭)-কে আটক করে তার কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে পুলিশ জানান। অপরদিকে বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল আমিন মাঝি (৩২)-কে আটক করা হয় ও তার কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগানও উদ্ধার করা হয়।
এছাড়া বাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘসময় ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। আল আমিন মাঝি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং একটি হত্যা মামলার পলাতক আসামি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অস্ত্রসহ অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান ।”
