মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ

“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুঃ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।

সভায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫’ বিষয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারহানুল আলম। আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মুহা. জসীম উদ্দীন ভূঁইয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল মালেক, শিল্পকারখানার প্রতিনিধি মো. নাসির, সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. তানভীর-আল-ইমাম হাসানসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরী। বিশেষ করে শিক্ষার্থী ও পরিবহন খাতের সংশ্লিষ্টদের সচেতন করতে হবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *