মুন্সীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের পতাকা একাত্তর চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম)। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুসহ আরো অনেকে। দিবসটি উপলক্ষে বিআরডিবির উদ্যোগে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস প্রথমবারের মতো পালিত হচ্ছে। এই দিবস গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং দেশের সার্বিক উন্নয়নে পল্লীর অবদানের স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
বক্তারা আরও বলেন, দেশের প্রায় ৬৮ দশমিক ৩১ শতাংশ মানুষ এখনও গ্রামে বসবাস করে। তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উদ্যোক্তা তৈরিতেও বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্তরের দশকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সেচব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে বিআরডিবির অবদান সর্বজনস্বীকৃত। পাশাপাশি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর ২০১০ সালের এক সমীক্ষায় দেশের জিডিপিতে বিআরডিবির অবদান ১ দশমিক ৯৩ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
